দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ জুলাই : রাঙ্গিরখাড়ির হোটেল বিভায় বুধবার সকালে আরআর ফ্যাশনের উদ্যোগে তিনদিনব্যাপী ‘চতুর্থ ফ্যাশন শিল্প মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজ।
মেলায় মোট ২৭টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে স্থানীয় মহিলা উদ্যোক্তাদের হাতে তৈরি শাড়ি, বিভিন্ন ধরনের পোশাক, হস্তশিল্প ও সাজসজ্জার গহনা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বামী গণধিশানন্দজি মহারাজ বলেন, নারীদের সৃজনশীলতা ও কর্মদক্ষতা সমাজকে সমৃদ্ধ করে। সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজেদের হাতে তৈরি পণ্য বাজারজাত করে আত্মনির্ভর হওয়ার যে উদ্যোগ তাঁরা নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সকল মহিলা উদ্যোক্তার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করা অত্যন্ত জরুরি। বর্তমানে নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্র ও কেন্দ্রীয় মাতৃ প্রমুখ সুমিতা চৌধুরী এবং আর.আর ফ্যাশনের ঋদ্ধি দে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর্ণা দে, শতরূপা রায়, রাজশ্রী দেব ধর, দীপশিকা দে রায়, জলি সাহা, চন্দ্রা চক্রবর্তী, নবনীতা দত্ত গুপ্ত, অপর্ণা দেব, মমতা চক্রবর্তী, মঞ্জুশ্রী দাস নাথ, পূজা সাহা, নন্দিতা পাল চৌধুরী, মিনাক্ষী দাস, রশ্মি পাল, শিপ্রা দাস, সুস্মিতা বসু, স্বর্ণালী দত্ত, মিমি নাথ, মাধুরী পুরকায়স্থ, সোমা রাজকুমারী, পিউলি দাস, প্রাকৃতি নাথ, অনীতা রায়সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।



