৮ জুলাই : রাজস্থানের জয়পুরে মাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালানোর অভিযোগে মেয়েসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তরুণী মায়ের চাকরি ও সম্পত্তির লোভে আত্মীয়দের নিয়ে এই হত্যার ছক কষেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ জানায়, মৃতার নাম নীরজ শর্মা (৪৫)। তিনি জয়পুরের প্রতাপনগরের রবীন্দ্র নগর এলাকার বাসিন্দা ছিলেন। গত ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রথমে মনে করা হলেও, মৃতার ভাই রাকেশ শর্মা ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেন। এরপর তদন্তে নেমে পুলিশ ঘটনার ভিন্ন চিত্র সামনে আনে।
জয়পুরের ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রঞ্জিতা শর্মা জানান, তদন্তে প্রমাণ মিলেছে যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্ত ২৩ বছর বয়সী আয়ুষি তাঁর মাকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন এবং ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, প্রায় এক বছর আগে স্বামী বিজয় কুমার শর্মার মৃত্যুর পর মানবিক ভিত্তিতে নীরজ শর্মা আদালতের লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) পদে চাকরি পান। তবে ওই চাকরি নিজে পেতে চেয়েছিলেন আয়ুষি। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে চাকরি এবং মায়ের নামে থাকা সম্পত্তির লোভেই কাকা ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে মিলে হত্যার ষড়যন্ত্র করেন তিনি। ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে এবং তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



