বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : চরাইদেউ জেলার সাপেখাতির ১ নম্বর ধুনিয়াপথারে এক শোকাবহ ঘটনা ঘটেছে। বাড়ির চৌহদ্দিতে থাকা পুকুরে ডুবে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, সৌরভ গগৈ নামে এক যুবক বাড়ির কাছের পুকুরে মাছ ধরার সময় হঠাৎ পিছলে জলে পড়ে যান। ছেলেকে জল থেকে উদ্ধার করতে তাঁর বাবা লক্ষী গগৈ পুকুরে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, দু’জনেই জলে ডুবে যান। ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে।
পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পুকুর থেকে দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাঁদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় গোটা সাপেখাতী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা-ছেলের অকালমৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন।




