বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : মাছ ধরতে গিয়ে দীঘলপানী নদীতে নিখোঁজ হলেন এক যুবক। নিখোঁজ যুবক ডবকার যমুনা গ্রামের বাসিন্দা মুজাক্কির হোসেন। জানা গেছে, তিন বন্ধুর সঙ্গে দীঘলপানী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন মুজাক্কির। মাছ ধরার সময় কোনওভাবে নদীর জলে নিখোঁজ হয়ে যান তিনি। ঘটনার পর থেকেই তাঁর সঙ্গে থাকা বন্ধুদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর শুরু হয় নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি। স্থানীয়দের সহযোগিতায় নদীর বিভিন্ন অংশে খোঁজ চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত মুজাক্কিরের কোনও সন্ধান পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে যমুনা গ্রামে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্ধারকারী দল ও স্থানীয়রা নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছেন।



