শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান এবং Urban Livelihoods Mission-এর কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সঙ্গে সাক্ষাৎ করলেন Urban Livelihoods Mission-এর প্রতিনিধিবৃন্দ ও Community Resource Persons-রা।
বুধবার তাঁরা বিধায়কের কাছে একটি স্মারকলিপি প্রদান করে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা সংক্রান্ত জটিলতার কারণে তাঁরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই বিষয়েও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হয়। একইসঙ্গে Urban Livelihoods Mission-এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।
প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তাঁদের উত্থাপিত সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার পাশাপাশি ন্যায্য দাবিগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন তিনি। বিধায়ক জানান, বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মার নজরে আনার জন্য তিনি যথাসাধ্য উদ্যোগ নেবেন। পাশাপাশি সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন তিনি।
বিধায়কের এই আশ্বাসে আশাবাদী Urban Livelihoods Mission-এর প্রতিনিধিরা তাঁদের সমস্যাগুলির দ্রুত সমাধান এবং কর্মসূচিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা ব্যক্ত করেন।



