নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আসু ও আসাম বিশ্ববিদ্যালয় ইউনিটের বিক্ষোভ, সোনম ওয়াংচুকের আন্দোলনে সংহতি

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : অল কাছাড় জেলা ছাত্র সংস্থা (আসু) এবং আসাম বিশ্ববিদ্যালয় আসু ইউনিটের যৌথ উদ্যোগে শনিবার আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে কথিত নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সংস্কারভিত্তিক পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আসুর রাজ্যব্যাপী আন্দোলনের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে অল কাছাড় জেলা ছাত্র সন্থার উপদেষ্টা কৃষ্ণ মোহন বলেন, এই আন্দোলন সম্পূর্ণভাবে ছাত্র-ছাত্রীদের স্বার্থে পরিচালিত হচ্ছে। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় আসু অসমের প্রতিটি জেলায় প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ছাত্রছাত্রী ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার সোনম ওয়াংচুকের পাশে আসু সবসময় থাকবে।

আসাম বিশ্ববিদ্যালয় আসু ইউনিটের সহ-সভাপতি বিক্ষোভকে একটি গণতান্ত্রিক আন্দোলন হিসেবে উল্লেখ করে সকল ছাত্রছাত্রীকে ন্যায্য ও স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
শিলচর আঞ্চলিক আসুর সাধারণ সম্পাদক বলেন, এই আন্দোলনের সঙ্গে কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠীর সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে ছাত্রকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের অধিকার রক্ষায় সোনম ওয়াংচুক বরাবরই সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও ন্যায্য আন্দোলনের পাশে আসু থাকবে।

আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক জাতীয় পরীক্ষণ সংস্থা (এনটিএ)-র সমালোচনা করে বলেন, দেশের ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা এই সংস্থার বিরুদ্ধে ওঠা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। দিল্লিতে বৃহত্তর আন্দোলনে যোগ দেওয়া সম্ভব না হলেও অসম থেকেই প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান তিনি।

এক সাধারণ ছাত্র নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তিনি দু’বার নিট পরীক্ষায় অংশ নিয়েছেন। কঠোর পরিশ্রমের পরও প্রত্যাশিত ফল না পাওয়ায় তিনি হতাশ। তাঁর আশা, সোনম ওয়াংচুকের আন্দোলনের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ও কার্যকর পরিবর্তন আসবে।

ছাত্রনেতা গম্ভীর মুদই বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী না হলে প্রকৃত অর্থে ভারতের অগ্রগতি সম্ভব নয়। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিক্ষোভে আসার পথে বহু যুবক-যুবতীকে সামাজিক মাধ্যমে ব্যস্ত থাকতে দেখা গেলেও আন্দোলনে অংশ নিতে দেখা যায়নি। তিনি ছাত্রসমাজকে সামাজিক মাধ্যমের গণ্ডি পেরিয়ে নিজেদের ভবিষ্যতের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিক্ষোভকারীরা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, জাতীয় পরীক্ষণ সংস্থার জবাবদিহি নিশ্চিত করা এবং দেশের পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি জানান। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ছাত্র-ছাত্রীদের অধিকার রক্ষার আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *