বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : বিশ্বনবী হজরত মোহাম্মদের পবিত্র জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিলচরে আয়োজন করা হয়েছে বিশাল শান্তির শোভাযাত্রা বা জুলুসে মোহাম্মাদি। আগামী ২৬ আগস্ট সকাল ৭টায় কনকপুর ঈদগাহ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে পেশকার জাঙ্গাল, সোনাই রোড ও শিলডুবি হয়ে বোয়ালজুরি সাহেব বাড়িতে গিয়ে শেষ হবে।
কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মাদি উদযাপন কমিটি, শিলচরের উদ্যোগে আয়োজিত এই জুলুসের মাধ্যমে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। জুলুস শেষে বোয়ালজুরি সাহেব বাড়িতে বিশ্বনবী হজরত মুহাম্মদের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, নাতে রাসুল, মিলাদ এবং বিশ্বশান্তির কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
জুলুসকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোমবার কনকপুর ঈদগাহ মসজিদে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মাদি উদযাপন কমিটি এবং দাওয়াতে ইসলামি ইন্ডিয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত বৈঠকে জুলুসের প্রস্তুতি, শৃঙ্খলা, নিরাপত্তা ও অন্যান্য আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ দিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবীর মহান বার্তা—শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতা—সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই জুলুসের মূল উদ্দেশ্য। এ ছাড়া জুলুসে অংশগ্রহণকারীদের ট্রেলার বা বড় আকারের যানবাহন, উচ্চ শব্দের সাউন্ড বক্স ও ডিজে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জুলুসে অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
জুলুস সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছেন আয়োজকরা।



