বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : গহপুর সমজেলার হেলেম পুলিশ থানার অন্তর্গত মিছামারীর ১৫ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত দু’জনকে হেলেম পুলিশ থানার অন্তর্গত বরুয়াপথারের আমগুড়ির রোস্তম মির্ধ ও রহমত আলি বলে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে লখিমপুরগামী ট্রেন ধরতে দুজনে বাইকে করে হেলেম রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। মিছামারীর জাতীয় সড়কে ডিভাইডার পার হওয়ার সময় লখিমপুরগামী একটি দ্রুতগতির ট্রাক বাইকটিকে প্রচণ্ড ধাক্কা মারে। ফলে দুই যুবকেরই ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হেলেম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাক ও বাইকটিকে বাজেয়াপ্ত করেছে।
দুই যুবকের অকাল মৃত্যুতে সমগ্র হেলেম অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



