ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মে : ব্যাডমিন্টনের আরও দু’টি আন্তর্জাতিক পদকের সঙ্গে নিজের নাম জুড়ে নিলেন শিলচরের তারকা শাটলার সুরজ গোয়ালা। প্রথমে মেক্সিকোর অগাসকেলিয়েন্টেস শহরে অনুষ্ঠিত মেক্সিকান ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি এবং ধ্রুব রাওয়াত। এর পর সেন্ট ডেনিস রিইউনিয়ন ওপেনে এই জুটি রানার্স আপ হয়।
উভয় আসরেই সুরজরা পরাজিত হন পৃথ্বী কে রায় এবং কৃষ্ণম্প্রসাদ গারাগা জুটির কাছে গত ১০ মে মেক্সিকান ইন্টারন্যাশনাল শেষ হয়। সেখানে সুরজরা সেমিফাইনালে হেরে যান ২১-১৭, ২১-১৩ পয়েন্টে। এরপর ভারত মহাসাগরীয় ফরাসি এলাকা ‘রিইউনিয়ন’-এর রাজধানী সেন্ট ডেনিসে এসে সেই একই পরিণতি। এবার সুরজ ও ধ্রুব জুটির সঙ্গে ফাইনালে মোকাবিলা করেন পৃথ্বী এবং গারাগার। ২২-২০, ২২-২৪, ২১-১৮ ব্যবধানে হেরে শিলচরের তারকাকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। উল্লেখ্য, এক সময় পৃথ্বী কে রায় ছিলেন সুরজের ডাবলস পার্টনার।



