শিলচর-গুয়াহাটি ট্রেনে প্রবীণ মহিলাকে তল্লাশির ভিডিও ঘিরে চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ মে : শিলচর-গুয়াহাটি রুটের একটি ট্রেনে এক প্রবীণ মহিলাকে ঘিরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজেকে শিলচরের রাঙ্গিরখাড়ি থানার এক পুলিশ আধিকারিকের স্ত্রী বলে পরিচয় দেওয়া এক মহিলা এবং তার সঙ্গে থাকা কয়েকজন যুবক ওই প্রবীণ মহিলার ব্যাগ তল্লাশি করছেন।

ভিডিওতে দেখা যায়, মহিলার ব্যাগ থেকে কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। বরং সেখানে কাপড়চোপড়, কিছু খাদ্যসামগ্রী, শুকনো মাছ, চাল এবং টিফিনে রাখা রুটি পাওয়া যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ওই প্রবীণ মহিলা সম্ভবত নাগাল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। তবে তার প্রকৃত পরিচয়, যাত্রার উদ্দেশ্য বা নাগরিকত্ব সম্পর্কে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ যাত্রী বা ব্যক্তির কি আইনত অন্য যাত্রীর ব্যাগ তল্লাশি করার অধিকার রয়েছে? যদি কোনো সন্দেহ থেকেই থাকে, তাহলে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) বা Government Railway Police (GRP)-এর সাহায্য নেওয়া হয়নি কেন?
এছাড়াও, রাঙ্গিরখাড়ি পুলিশকর্মীর পরিবারের পরিচয় ব্যবহার করা হয়ে থাকলে তা কতটা সত্য, এবং যদি ভুয়া পরিচয় ব্যবহার করা হয়ে থাকে তবে তার উদ্দেশ্যই বা কী—তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত তল্লাশি চালানো বা জনসমক্ষে কাউকে অপমান করা গুরুতর আইনি ও সামাজিক প্রশ্নের জন্ম দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *