শ্রীভূমি জেলা সদর হাসপাতাল পরিদর্শনে জাকারিয়া, স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থায় উদ্বেগ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ মে : উত্তর করিমগঞ্জ কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ বুধবার শ্রীভূমি জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের বেহাল পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এদিন তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগী পরিষেবা, পরিকাঠামোগত দুর্বলতা এবং চিকিৎসা ব্যবস্থার নানা অসঙ্গতি সরেজমিনে খতিয়ে দেখেন। করিমগঞ্জ সিভিল হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যাগুলির বাস্তব চিত্র পর্যালোচনা করতেই তাঁর এই পরিদর্শন বলে জানা গেছে।

হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে জেলার স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিধায়ক। আলোচনায় হাসপাতালের শয্যা সংকট, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব, অপর্যাপ্ত পরিকাঠামো, নিকাশি ব্যবস্থার দুরবস্থা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না। হাসপাতালের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ গ্রহণে তিনি সর্বাত্মক উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন।

তিনি আরও বলেন, শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাই হাসপাতালের স্থায়ী উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবার গুণগত মান ফিরিয়ে আনতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *