কাটিগড়ায় মর্মান্তিক স্কুটি দুর্ঘটনা, প্রাণ গেল সিদ্ধেশ্বরের  যুবকের

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া। 
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : সোমবার সন্ধ্যারাতে কাটিগড়ার লাঠিমারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিদ্ধেশ্বর গ্রামের এক তরতাজা যুবক। মৃত যুবকের নাম ফিরোজ উদ্দিন (১৯)। তাঁর বাড়ি কাটিগড়ার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডে। তিনি আজির উদ্দিনের পুত্র বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় সিদ্ধেশ্বর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যারাতে AS 11 AG 1846 নম্বরের স্কুটি চালিয়ে যাওয়ার সময় লাঠিমারা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন ফিরোজ উদ্দিন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কাটিগড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফিরোজ উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। অকালেই এক তরুণ প্রাণের এই মর্মান্তিক পরিণতিতে পরিবার-পরিজন থেকে শুরু করে গোটা সিদ্ধেশ্বর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

এদিকে, ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। স্কুটি চালানোর সময় অন্য কোনও যানবাহনের সঙ্গে ধাক্কা লেগেছিল কি না, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটেছে – তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *