বরাক তরঙ্গ, ১৩ জুলাই : অসম-নাগাল্যান্ড সীমান্তের উরিয়ামঘাট এলাকায় নাগাদের কথিত জনশুমারি (লোকপিয়ল) পরিচালনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, জরিপে বাধা দেওয়ায় এক যুবককে নাগা দলের সদস্যরা বেধড়ক মারধর করে গুরুতর জখম করেছে। স্থানীয়দের অভিযোগ, গোলাঘাট জেলার সরুপথার মহকুমার অসম-নাগাল্যান্ড সীমান্তে নাগাদের অবৈধ অনুপ্রবেশ ও জনশুমারির বিষয়টি রাজ্য সরকার গুরুত্ব না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রবিবার ৪-৫ জনের একটি নাগা দল সীমান্তবর্তী বি সেক্টরের ২ নম্বর চেইনপুর গ্রামে জনশুমারির কাজ করতে আসে। এর আগের দিন ১ নম্বর চেইনপুরেও একই ধরনের জরিপ চালানো হয়েছিল বলে অভিযোগ। রবিবার ২ নম্বর চেইনপুর গ্রামের বাসিন্দারা অসমের গ্রামে এ ধরনের জরিপে বাধা দেন।
এই সময় ঘটনাস্থলে আরও বহু নাগা ব্যক্তি জড়ো হলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ, নাগা দলের হামলায় ছানি কাপুর তপ্প (প্রায় ২৯-৩০) নামে এক যুবক গুরুতর আহত হন। তাঁকে সরুপথার অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের চিকিৎসক ও সুপার জানান, আহত যুবকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর ঠোঁটে সেলাই পড়েছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। অন্যদিকে, ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উরিয়ামঘাটের অসম-নাগাল্যান্ড সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। স্থানীয়দের দাবি, নাগা দলের জরিপের ভিডিও মোবাইলে ধারণ করার অভিযোগে ২ নম্বর চেইনপুর গ্রামের প্রাক্তন গ্রামপ্রধান ও ২০১৪ সালে নাগা দুষ্কৃতীদের হাতে নিহত আফ্রিকা তপ্পের পুত্র ছানি কাপুর তপ্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।



