বরাক তরঙ্গ, ২৬ জুলাই : গোমতী জেলার উদয়পুর রেলস্টেশনে রবিবার সকালে পুলিশের যৌথ অভিযানে ১২ কেজি শুকনো গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মাদক চেন্নাইয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে সাব্রুম থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর রেলস্টেশনে পৌঁছানোর পর জিআরপি ও স্থানীয় পুলিশ যৌথভাবে নিয়মিত তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগে কী রয়েছে, সে বিষয়ে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এরপর ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ ১২ কেজি গাঁজা উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই ওই যুবককে আটক করা হয়। ধৃতের নাম সাগর মিয়া (১৯)। তাঁর বাড়ি সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।



