কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : কার্গিল বিজয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বীর শহিদদের স্মরণ করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কার্গিল যুদ্ধের বীর সেনানীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সদস্যরা।
সকালে প্রকল্পের চেয়ারপার্সন শিবুচন্দ্র দাস, সমাজসেবী সেবক পল এবং ক্লাবের অন্যান্য সদস্যরা জারুইলতোলায় কার্গিল শহিদ চিন্ময় ভৌমিকের বাসভবনে গিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় শহিদের জ্যেষ্ঠ ভ্রাতা সন্তোষ ভৌমিক এবং বৌদি লক্ষ্মীরানি ভৌমিককে সম্মাননা জানিয়ে তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।

এরপর শিলচরের তারাপুরের ইঅ্যান্ডডি কলোনিতে অবস্থিত ‘কার্গিল শহিদ স্মারক’-এ ক্লাবের সভাপতি সঞ্জীব রায়, বন্দিতা ত্রিবেদী রায়-সহ সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করে কার্গিল যুদ্ধে আত্মবলিদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত সদস্যরা শহিদদের বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এদিকে, কার্গিল বিজয় দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ কাছাড় জেলা প্রশাসনের কাছে জারুইলতোলায় কার্গিল শহিদ চিন্ময় ভৌমিকের একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী এই বীর সন্তানের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতেই এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *