বরাক তরঙ্গ, ২৩ জুন : মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে প্রায় ১০টা ১৫ মিনিটে শিলচর থানার অন্তর্গত শিলচর বাইপাস এলাকায় চেকিং চলাকালীন একটি স্কুটি আটক করা হয়। আটক ব্যক্তির নাম আফতাব উদ্দিন লস্কর। তিনি হাইলাকান্দি জেলার বোয়ালিপার এলাকার বাসিন্দা।
তল্লাশি চালিয়ে স্কুটির ডিকির ভিতরে বিশেষভাবে তৈরি করা গোপন খোপ থেকে তিনটি বান্ডিল উদ্ধার করা হয়। ওই বান্ডিলগুলিতে মোট ২৯,২০০টি গোলাপি রঙের সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট ওজন প্রায় ৩.১৫ কিলোগ্রাম বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় স্কুটিটি (AS-11-AE-1688) বাজেয়াপ্ত করা হয়েছে এবং আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, সোমবার একটি নির্দিষ্ট গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর থানার অধীনস্থ মধুরবন্দ পিএইচসি রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে রাহি মজুমদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মধুরবন্দ এলাকার বাসিন্দা।
তল্লাশির সময় তার কাছ থেকে ৫২টি ছোট ভায়ালে সংরক্ষিত সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন ১.৭৪ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
উভয় ঘটনায় মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।



