বরাক তরঙ্গ, ২৩ জুন : রাজ্যের অধিকাংশ কলেজে শিক্ষক, শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় পরিকাঠামোর ঘাটতির মধ্যেই চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালু করায় শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা ও উদ্বেগের অবসান ঘটাতে বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেছে এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিল।
সোমবার সংগঠনের রাজ্য সম্পাদক হেমন্ত পেগুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বলা হয়, ‘মেজর’ বিষয় নিয়ে তিন বছরের স্নাতক কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের শংসাপত্রে “Passed with Majors” উল্লেখ করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তিন বছরের স্নাতক কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য পর্যাপ্ত আসন সৃষ্টিরও দাবি জানানো হয়।
এআইডিএসও-র পক্ষ থেকে আরও দাবি করা হয়, রাজ্যের অধিকাংশ কলেজে উপযুক্ত পরিকাঠামো ও পর্যাপ্ত শিক্ষক না থাকায় আগামী শিক্ষাবর্ষ থেকে পূর্বের মতো তিন বছরের স্নাতক কোর্স চালু রাখা হোক। এছাড়া শিক্ষাবিদ, শিক্ষক, কলেজ অধ্যক্ষ এবং ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে চার বছরের ডিগ্রি কোর্সকে ঐচ্ছিক হিসেবে চালুর দাবি জানানো হয়, যাতে শুধুমাত্র আগ্রহী শিক্ষার্থীরাই এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন কলেজে শিক্ষক ও কর্মচারীদের বহু পদ শূন্য পড়ে রয়েছে। বহু-বিভাগীয় কোর্সের নামে শিক্ষার্থীদের এমন কিছু বিষয় পড়তে বাধ্য করা হচ্ছে, যা তাদের মূল বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অথচ এসব কোর্স পরিচালনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সুযোগ-সুবিধাও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। ফলে শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়ছে এবং মূল বিষয়ে গভীর জ্ঞান অর্জনের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
বিশেষ করে গ্রামীণ এলাকার কলেজগুলিতে শ্রেণিকক্ষের তীব্র সংকট এবং অনেক প্রতিষ্ঠানে মাত্র একজন বা দু’জন শিক্ষক দিয়ে পাঠদান চালিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে সংগঠনটি উচ্চশিক্ষার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উত্থাপিত সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।



