জনতা কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : জনতা কলেজের দর্শন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার কলেজের উচ্চতর মাধ্যমিক ভবনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব দর্শন দিবস ২০২৬ উদযাপন করা হয়। এবারের অনুষ্ঠানের মূল ভাবনা ছিল— “সংকটময় বিশ্বে সহাবস্থান: জলবায়ু, কৃত্রিম বুদ্ধিমত্তা, অভিবাসন ও স্বাস্থ্য বিষয়ে যুবসমাজের ভাবনা” (To Coexist in a World of Crisis: Youth Voices on Climate, Al, Migration and Health)। সমসাময়িক বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দার্শনিক চিন্তাভাবনার প্রাসঙ্গিকতা তুলে ধরা এবং যুবসমাজের মধ্যে দায়িত্বশীল নাগরিকত্বের বোধ জাগ্রত করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে কলেজের শিক্ষক-শিক্ষিকারা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানান। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ প্রদান করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তথা সহযোগী অধ্যাপিকা সোমা ভট্টাচার্য। তিনি তাঁর বক্তব্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, নৈতিক সচেতনতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলার ক্ষেত্রে দর্শনশাস্ত্রের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল তাঁর বক্তব্যে মানবিক মূল্যবোধের বিকাশ এবং বৌদ্ধিক উৎকর্ষ সাধনে দর্শনশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে “বিশ্ব সংকটের যুগে বসুধৈব কুটুম্বকম: যুবসমাজের দায়িত্ববোধের পুনর্মূল্যায়ন” (Vasudhaiva Kutumbakam in the Age of Global Crisis: Reimagining Youth Responsibility) শীর্ষক একটি গবেষণাধর্মী বক্তৃতা উপস্থাপন করেন শ্রীমতী সোমা ভট্টাচার্য। ভারতীয় দর্শনের চিরন্তন আদর্শ ‘বসুধৈব কুটুম্বকম’-অর্থাৎ সমগ্র বিশ্ব এক পরিবার-এই ভাবনাকে কেন্দ্র করে তিনি জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, অভিবাসন এবং স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সহমর্মিতা, পরিবেশগত স্থায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

কলেজের উপাধ্যক্ষ সুজাতা পালিত শিক্ষা ও সমাজজীবনে দার্শনিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে তাঁর সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। অতিথি শিক্ষিকা মিস দেবাঞ্জনা দেবও অনুষ্ঠানের মূল বিষয়বস্তুর ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন। কলেজের আইকিউএসি (IQAC)-এর সমন্বয়ক ড. সঞ্জিত মুশাহারি দর্শনশাস্ত্রের তাৎপর্য এবং এ ধরনের শিক্ষামূলক ও মননশীল অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বৌদ্ধিক পরিবেশ সমৃদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও দর্শন বিভাগের অতিথি শিক্ষিকা লাকি সিনহা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. কিনশুক চক্রবর্তী এবং ড. কুসুমানন্দ নাথ সমকালীন জীবনে দার্শনিক চিন্তাভাবনা ও মানবিক মূল্যবোধের প্রাসঙ্গিকতা নিয়ে তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

এদিনের অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্নি দেব মজুমদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সুদীপ্ত খেরসা, ড. পিনাকি দাস, রবীন্দ্র সিংহ, গায়ত্রী সিংহ এবং ড. মহম্মদ সেহনাওয়াজ সানু। পরিশেষে লাকি সিনহার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই বিশ্ব দর্শন দিবস উদযাপন শিক্ষার্থী ও উপস্থিত সকলের মধ্যে চিন্তাভাবনা, মননশীলতা এবং গঠনমূলক আলোচনার এক সমৃদ্ধ পরিসর তৈরি করে। একই সঙ্গে আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার ক্ষেত্রে দর্শনশাস্ত্রের চিরন্তন গুরুত্ব ও যুবসমাজের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি পুনরায় প্রতিষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *