জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ জুন : “আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ” এই সংকল্পকে সামনে রেখে শ্রীভূমি বন বিভাগের উদ্যোগে শুক্রবার সমগ্র জেলাজুড়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে। পরিবেশ সুরক্ষা, বনায়ন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, সীমান্ত চৌকি এবং বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিতে দিনব্যাপী নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়। এতে লোয়াইরপোয়া রেঞ্জ ও বালিপিপলা বিটের বালিপিপলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে দিবসের সূচনা করা হয়। বনাঞ্চালে বসবাসকারীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং বনকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালির আয়োজন করা হয়। এতে শ্রীভূমি বন বিভাগের ডিএফও, লোয়াইরপোয়া রেঞ্জের আরএফও, বালিপিপলা বিটের বিট অফিসারসহ বন বিভাগের কর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন। এতে লোয়াইরপোয়া রেঞ্জের অধীনস্থ ১৭টি ফরেস্ট ভিলেজ এবং ৪টি তাউঙ্গিয়া গ্রামে সর্বমোট ২২,৫৩০ টি চারাগাছ বিতরণ করা হয়।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ চেতনা জাগ্রত করতে জেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ, অঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ ড্রাইভ চালানো হয়। এতে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রসিদ চৌধুরী উপস্থিতিতে কনকপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা সভা, অঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নীলামবাজার কলেজে একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হয়। এদিকে গৌর গোবিন্দ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদের উপস্থিতিতে সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। এছাড়া আসিমগঞ্জের ইউনিক পাবলিক স্কুল, পাথারকান্দির মডার্ন ইংলিশ স্কুল, রাকেশ নগরের রাকেশ চন্দ এমই স্কুল, রাইজিং সান ইনস্টিটিউটে অঙ্কন প্রতিযোগিতা এবং কালিগঞ্জ পায়োনিয়ার কলেজে ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় ও চারাগাছ রোপণ করা হয়।

এদিন দোহালিয়া রেঞ্জ, সলগই ও বৈঠাখাল বিটের রাস্তাঘাট ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়। সলগই বিট ও বৈঠাখাল সাব-বিটের উদ্যোগে ৭৭৫ নং পূর্ব আশাইরঘাট এলপি স্কুলে চারাগাছ রোপণ ও সচেতনতা সভা করা হয়। এছাড়া রাধাপ্যারী বাজার জিপি-র পঞ্চায়েত প্রতিনিধিদের সহায়তায় আশাইরঘাট এলাকায় সড়ক সংলগ্ন বৃক্ষরোপণ করা হয়। হরিনগর জিপি-র পঞ্চায়েত প্রতিনিধি এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে আনিপুর হরিনগর পিডব্লিউডি সড়কে দোহালিয়া রেঞ্জের কর্মীরা বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন। এদিকে জৈববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ভৈরবনগর আঞ্চলিক পঞ্চায়তের বিএমসি সদস্যদের সক্রিয় সহযোগিতায় আনন্দপুর এলাকায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়িত হয়। এদিন জনজাতি সম্প্রদায় ও ফরেস্ট ভিলেজের অংশগ্রহণে পরিবেশ রক্ষায় স্থানীয় খাসিয়া ও ট্রাইবাল জনজাতির মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। পাথারিয়া ব্লক-বি ফরেস্ট ভিলেজ, সোনাতলার খাসিয়া পুঞ্জি এবং সারজুল খাসিয়া পুঞ্জিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের দ্বারা ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হয়। চন্দ্রপুর পান তাউঙ্গিয়া গ্রাম এবং মাগুরছড়া কালাছড়া তাউঙ্গিয়া গ্রামে ট্রাইবাল জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণে চারা রোপণ ও বিতরণ করা হয়। এতে ১৫০০টি চারা রোপণ এবং ৬০০টি চারা বিতরণ করা হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি সুরক্ষাকর্মীরাও এই সবুজ অভিযানে শামিল হন। এতে ভাঙা, স্টিমারঘাট এবং আওরাঙ্গাবাদ বিওপিতে চারাগাছ বিতরণ করা হয়।
এছাড়া মলেগড় আঞ্চলিক পঞ্চায়েত জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে এবং স্থানীয় পুলিশ কর্মী ও সাধারণ জনগণকে চারাগাছ প্রদান করা হয়। এই বিশেষ অভিযানে মোট ২৩৫০টি চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়েছে। এছাড়া অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের শ্রীভূমি শাখার ব্যবস্থাপনায়ও জেলা জুড়ে শুক্রবার বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করা হয়।



