বরাক তরঙ্গ, ৫ জুন : মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) গুয়াহাটি জোনাল ইউনিট। যৌথভাবে পরিচালিত এক বিশেষ অভিযানে ধলাইয়ের ধলাখালে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিজোরাম থেকে আসা দু’টি সন্দেহভাজন গাড়িকে আটক করা হয়। পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তল্লাশির সময় মোট ১০৭টি সাবানের কৌটার মধ্যে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ১.২৭৮ কেজি সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত দু’টি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযানের পরই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং পরে তাঁদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে তাঁদের নাম গোপন রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই ঘটনাকে মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।



