পাথারকান্দির গণপিটুনির ঘটনায় নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির গভীর উদ্বেগ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন : পাথারকান্দির একটি গ্রামে সংগঠিত ভয়ঙ্কর গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি (CRPCC), আসাম। আজ সংগঠনের পক্ষ থেকে  এক প্রেস বার্তায় এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির পক্ষ থেকে বলা হয় যে, একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। এই ধরণের হিংসাত্মক ঘটনা আইন-শৃঙ্খলার চরম অবনতিকে স্পষ্ট করে তোলে।

বিবৃতির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয় যে ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অবিলম্বে সমস্ত দোষীদের চিহ্নিত করতে হবে, ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, সমাজে শান্তি-শৃঙ্খলা ও সর্বাবস্থায় গণতান্ত্রিক পরিবেশ বহাল রাখতে প্রশাসনকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং ভবিষ্যতে এই ধরণের অনভিপ্রেত ঘটনা রুখতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার চালাতে হবে।

কমিটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, কোনও অজুহাতেই হিংসা বা গণপিটুনিকে প্রশ্রয় দেওয়া যায় না। বরাক উপত্যকার শান্তিপ্রিয় জনগণকে কোনও ধরণের প্ররোচনায় কান না দিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *