খাল থেকে মহিলার খণ্ডিত দেহ উদ্ধার, প্রেমিক-সহ আটক ৩

Spread the news

৩০ সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলায় এক মহিলাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজয়ওয়াড়ার থার্মাল পাওয়ার স্টেশন (ভিটিপিএস) সংলগ্ন খাল থেকে ওই মহিলার খণ্ডিত দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, নিহত মহিলার নাম কল্যাণী। তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। বিবাহিত হলেও তিনি পরিবারের থেকে আলাদা থাকতেন। বিজয়ওয়াড়ার ভবানীপুরমে একটি খাসির মাংসের দোকান চালানো শাফির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে তদন্তে উঠে এসেছে। কল্যাণী শাফির বাড়ির কাছেই থাকতেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা-পয়সা ও উপহার নিয়ে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর বিভিন্ন অনুষ্ঠানের জন্য শাফির কাছে ৫ থেকে ১০ হাজার টাকা এবং সোনার ছোট গয়না চেয়েছিলেন কল্যাণী। এই বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তীব্র বচসা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, বচসার সময় শাফি কল্যাণীকে হত্যা করে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে নিজের মাংসের দোকানে ব্যবহৃত ছুরি দিয়ে দেহটি খণ্ডিত করে নিকটবর্তী খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

পরদিন, অর্থাৎ ১৮ সেপ্টেম্বর, ভিটিপিএস খাল থেকে কল্যাণীর দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। নিখোঁজ মহিলাদের তালিকা এবং কল্যাণীর মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখে তদন্তকারীরা ঘটনার সূত্র পান। ইতিমধ্যেই সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *