চিনি বস্তার আড়ালে ইউরিয়া পাচারের কৌশল, আটক লায়লাপুরে

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : চিনি বহনের সাদা বস্তার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল ইউরিয়া সার। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ পণ্য পরিবহনের গাড়ি। কিন্তু পুলিশের তল্লাশিতে ফাঁস হয়ে গেল পাচারের অভিনব কৌশল। ফের সার পাচারের চেষ্টা রুখে ৩৫০ বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করল লায়লাপুর পুলিশ। বর্তমানে রবিশস্যের মরশুম শুরু হওয়ায় কৃষিকাজের প্রস্তুতিতে ব্যস্ত কৃষকরা। এই সময়ে স্থানীয় বাজারে সারের সংকট দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন চাষিরা।

এক মাসে একাধিক পাচারের চেষ্টা ব্যর্থ করার পর এবারও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। লায়ালাপুর নাকা চেকিং পয়েন্টে AS 11 EC 0151 নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় মোট ৩৫০ বস্তা সন্দেহজনক ইউরিয়া সার। চিনি বহনের সাদা বস্তার আড়ালে সারগুলি লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে।

গাড়ির চালককে আটক করেছে পুলিশ। ধৃত চালকের নাম সিরাজ উদ্দিন (৩৫)। তাঁর বাড়ি হাইলাকান্দি জেলার আলগাপুর থানা অধীন উত্তর কাঞ্চনপুর গ্রামে। গাড়ি-সহ উদ্ধার হওয়া ৩৫০ বস্তা সার বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *