তিনসুকিয়ায় পর্যালোচনা সভায় পরিষেবার মানোন্নয়ন ও মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানে জোর কৃষ্ণেন্দুর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট :
তিনসুকিয়া জেলায় পানীয় জল সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলার বিভিন্ন এলাকায় চলমান পানীয় জল সরবরাহ প্রকল্পের বর্তমান পরিস্থিতি, নির্মাণকাজের অগ্রগতি, নতুন প্রকল্প, পরিকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলে স্যানিটেশন পরিষেবার মানোন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের সময় মাঠপর্যায়ে দেখা দেওয়া বিভিন্ন সমস্যার বিষয়েও পর্যালোচনা করা হয়।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, সাধারণ মানুষের কাছে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তাই প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখতে হবে। বর্ষাকালসহ বিভিন্ন প্রতিকূলতার কারণে যাতে উন্নয়নমূলক কাজ ব্যাহত না হয়, সে জন্য জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি।

নির্মাণাধীন প্রকল্পগুলির নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। সরকারি প্রকল্পের সুফল যাতে নির্ধারিত সময়ে প্রতিটি উপভোক্তার কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন তিনসুকিয়ার বিধায়ক পুলক গোঁহাই, মাকুমের বিধায়ক সঞ্জয় কিষাণ, ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালা, বিজেপির জেলা সভাপতি কুশকান্ত বরা, জেলা উন্নয়ন কমিশনার জাভেদ আরমান, জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক লিজা তালুকদার এবং PHED-এর সংশ্লিষ্ট মুখ্য অভিযন্তারা। এছাড়াও জেলা প্রশাসন ও PHED-এর অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *