শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মেঘালয়ে চলন্ত একটি ইকো ভ্যানের উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উমকিয়াং বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় দু’জনের জীবন্ত দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও একাধিক যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইনের দিকে যাচ্ছিল একটি ইকো ভ্যান। উমকিয়াং বাজার পেরিয়ে কিছুদূর যাওয়ার পর আচমকাই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ভ্যানটির উপর ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ভ্যানে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের মধ্যে দুজনকে পুড়তে দেখা যায়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ইকো ভ্যানটি শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকার। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



