বাজারিছড়ায় উদয়নের বার্ষিক সভা, ৩২৫ আত্মসহায়ক দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : গ্রামীণ মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে বাজারিছড়ায় অনুষ্ঠিত হল উদয়নের বার্ষিক সাধারণ সভা। সোমবার পাথারকান্দি বিধানসভার বাজারিছড়ার রামকৃষ্ণ সেবাশ্রমের প্রেক্ষাগৃহে আয়োজিত এই সভায় তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন ভিলেজ অর্গানাইজেশন ও আত্মসহায়ক দলের প্রতিনিধিরা অংশ নেন।

লোয়াইরপোয়া ব্লকের বিপিএম সাহেব দে, বাজারিছড়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী ডলি নন্দী, উদয়ন সিএলএফের সভানেত্রী সন্ধ্যা সিনহা ও সম্পাদিকা শিল্পী দে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা করেন। পরে আত্মসহায়ক দলের সদস্যারা ধামাইল, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও ঝুমুর পরিবেশন করেন।

সভায় ২০২৫-২৬ অর্থবর্ষের পরীক্ষিত হিসাব-নিকাশ ও আর্থিক প্রতিবেদন পেশ করেন সম্পাদিকা শিল্পী দে। আয়-ব্যয় ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনার পর সদস্যরা প্রতিবেদনটি সমর্থন করেন। উল্লেখ্য, হাতিখিরা, লোয়াইরপোয়া ও বাজারিছড়া—এই তিন গ্রাম পঞ্চায়েত এলাকার ভিলেজ।

অর্গানাইজেশনগুলিকে নিয়ে ২০১৯ সালের ৩০ আগস্ট উদয়ন মডেল ক্লাস্টার লেভেল ফেডারেশন বা সিএলএফের পথচলা শুরু হয়। বর্তমানে এর অধীনে রয়েছে ১৩টি ভিলেজ অর্গানাইজেশন এবং প্রায় ৩২৫টি আত্মসহায়ক দল।

সভায় মহিলাদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি, সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ এবং আর্থিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। বিপিএম সাহেব দে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, উদয়ন সিএলএফ সম্প্রতি আসাম সমবায় সমিতির অধীনে পঞ্জীয়নভুক্ত হয়েছে।

এছাড়া ব্লক কো-অর্ডিনেটর মৃদুপবন দাস, রাখি সিনহা ও বাজারিছড়া ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখা প্রবন্ধক লালভেন গেংতে বক্তব্য রাখেন। সঞ্চয়, ঋণ, ব্যাঙ্কিং পরিষেবা ও আর্থিক ব্যবস্থাপনা নিয়েও সদস্যদের সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *