বরাক তরঙ্গ, ৭ জুলাই : মণিপুরের উখরুল জেলার নুংশাং কং (লুংশাং নদী)-এর কাছে সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় ৪০ আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত হন। নিহত দুই জওয়ান হলেন ওয়ারেন্ট অফিসার বলবান্ত সিং ও হাবিলদার চন্দ্রমোহন সিং।
উখরুল জেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় জওয়ানরা ৪০ অসম রাইফেলসের ছাংছাক ব্যাটালিয়নের সদর দপ্তরে ফিরে যাচ্ছিলেন।
জানা গেছে, হাবিলদার সি এম সিং গাড়িটি চালাচ্ছিলেন। হামলার সময় দু’জনই জঙ্গিদের এমবুশে প্রাণ হারান।
জঙ্গিদের গুলিবর্ষণের পর নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে। এ সময় কাছাকাছি ধানক্ষেতে কাজ করা কৃষকেরা প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যান।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।



