বরাক তরঙ্গ, ৫ জুন : শুক্রবার ৫ জুন রাধামাধব কলেজের এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন অডিট সেল এবং ৬২ আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসি-র যৌথ উদ্যোগে রাধামাধব কলেজ প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন অডিট সেলের আহ্বায়ক ড. সন্তোষ বরা, আইকিউএসি সমন্বয়কারী ড. রাহুল শরণিয়া, কলেজ গ্রন্থাগারিক ড. সোনালী চৌধুরী, অধ্যাপক ড. বিধান বর্মণ, ড. অরুণাভ ভট্টাচার্য, ড. নবনীতা দেবনাথ, ড. এম সানি সিংহ, নম্রতা নাথ, সুরভি ঘোষ, হাভিলদার এল রবিন সিংহ, হাভিলদার হোনেশ্বর রাভা, মনিকা থাপা, প্রশাসনিক কর্মচারী গৌরী শঙ্কর ধর, অরূপ পাল, কমলেশ দাশ, উজ্জ্বল কর্মকার সহ ছাত্রছাত্রীবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, আমরা পৃথিবীকে ভালোবাসি বলেই পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে বিশ্বব্যাপী যে সংগ্রাম চলছে সেই আন্দোলনে আজকের দিনে আমরাও নিজেদের সামিল করতে পেরেছি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষক-শিক্ষয়িত্রী, ছাত্রছাত্রী সহ আপামর জনসাধারণকে বৃক্ষ রোপণ কর্মসূচীতে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। আজকের এই কর্মসূচিকে সফল রূপ প্রদান করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ৬২ আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসি-র কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কলেজ অধ্যক্ষ।

এদিন রাধামাধব কলেজের এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন অডিট সেলের সেলের আহ্বায়ক ড. সন্তোষ বরা বলেন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ এর অফিসিয়াল থিম হলো – “প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”। তিনি বলেন বিশ্ব পরিবেশ দিবস আজকের দিনে অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা সবাই নিজ নিজ দায়িত্বে এক একটি গাছ যদি লাগাতে পারি তাহলে আগামী প্রজন্ম সুস্থ ভাবে বাঁচতে পারবে। একটি গাছকে বাঁচিয়ে রাখার অর্থ ভবিষ্যত প্রজন্মকে বাঁচিয়ে রাখা। এই শিক্ষাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব বোধের মধ্যে পড়ে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা বৃক্ষ রোপণের এই ছোট্ট প্রয়াস করলাম।



