শিলচরে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শ্রীশ্রীরামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচরের অম্বিকাপট্টিস্থিত শ্রীশ্রীরামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের উদ্যোগে শুক্রবার এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সংস্থার সদস্যরা নিজস্ব কার্যালয় থেকে শিলচর শ্মশানঘাটের পঞ্চবটী এলাকায় পৌঁছে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক প্রণবকুমার চৌধুরী, সহ-সভাপতি রঞ্জিত চৌধুরী ও সন্দীপ ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা সদস্য চম্পালাল রায়, সদস্য অভিজিৎ ধর, দেবব্রত পাল, শঙ্কর দাস, কোষাধ্যক্ষ সুশীলকুমার কর এবং সাংস্কৃতিক সম্পাদক সুদীপ দাস। শারীরিক অসুস্থতার কারণে সংস্থার সভাপতি জহর তারণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানানো হয়।

শ্মশানঘাট পরিচালনা কমিটির সহ-পরিদর্শক দীপঙ্কর চক্রবর্তীর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। সংস্থার সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরাও এতে অংশগ্রহণ করেন। পঞ্চবটী এলাকায় একাধিক গাছ রোপণের পাশাপাশি সেগুলির পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকারও গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংস্কৃতিক সম্পাদক সুদীপ দাস বলেন, “মানবজীবনের অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। তাই বৃক্ষনিধন রোধ করে ব্যাপক বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।” পরিবেশ সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সদস্য ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান আয়োজকরা। শেষে পরিবেশ রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *