২৭ নভেম্বর : রাজস্থানের পোখরানে সফলভাবে পরীক্ষিত হল ভারতের নিজস্ব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভার্গবাস্ত্র’ (Bhargavastra)। গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে এর পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় এবং তাতে সম্পূর্ণ সফলভাবে উত্তীর্ণ হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থা।উত্তরবঙ্গ সংবাদ সাবস্ক্রিপশন
ড্রোন ধ্বংসকারী ছোট মাপের এই ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে ‘সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড’ (এসডিএল) (Solar Defence and Aerospace Limited বা SDL)। মূলত ‘মাইক্রো মিসাইলের’ ওপর ভিত্তি করে তৈরি এই ড্রোন ধ্বংসকারী ব্যবস্থাটি আগামী দিনে ড্রোন হানার মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকাঠামোকে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।
প্রায় আড়াই কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ‘ভার্গবাস্ত্রের’; যেকোনো ছোট মাপের ড্রোন চিহ্নিত করে মাঝ-আকাশেই সেগুলি ধ্বংস করতে পারে এটি। উল্লেখ্য, এর আগে ওডিশার গোপালপুরে এক দফা পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল ‘ভার্গবাস্ত্রের’, আর এবার পোখরানের পরীক্ষায় এই ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার নকশাও যাচাই করে দেখা হয়েছে।

বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে অন্যতম প্রচলিত হাতিয়ার হয়ে উঠেছে ড্রোন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা পশ্চিম এশিয়ার সংঘর্ষে ড্রোনের বহুল ব্যবহারের ছবি সামনে এসেছে; এমনকি গত বছরে ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়েও পাকিস্তানের দিক থেকে ড্রোন হামলা চালানো হলে তার বেশির ভাগই প্রতিহত করেছিল ভারতীয় বাহিনী। উদ্ভূত ভূরাজনৈতিক পরিস্থিতিতে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার লক্ষ্যেই ‘ভার্গবাস্ত্র’ তৈরি ও পরীক্ষায় বিশেষ নজর দিয়েছে নয়াদিল্লি।




