শিলচর সেন্ট্রাল রোডের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কায়

Spread the news

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ জুন : শিলচর শহরের ব্যস্ততম সড়কগুলোর অন্যতম সেন্ট্রাল রোডের অবস্থা ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে ওরিয়েন্টাল সিনেমা হলের সামনের অংশে রাস্তার মাঝখানে সৃষ্টি হওয়া বিশাল গর্তে বৃষ্টির জল জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার কিছু অংশে সিসি ব্লক বসানোর ফলে ওই অংশ তুলনামূলক উঁচু হয়ে গেছে। ফলে বৃষ্টির জল সহজে নিষ্কাশিত না হয়ে নিচু অংশে জমে থাকে। রাতে ভারী যানবাহনের নিয়মিত চলাচলের কারণে জলাবদ্ধ অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে প্রায় পুকুরের আকার ধারণ করেছে।

এর ফলে ছোট ও মাঝারি যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় গর্তগুলো স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে উকিলপট্টি এলাকার সামনের রাস্তার অবস্থাও অত্যন্ত বেহাল। দ্রুত রাস্তা সংস্কার ও জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *