সাতসকালে জিমের মালিককে গুলি করে খুন

Spread the news

১১ জুন : হরিয়ানার হিসারে বৃহস্পতিবার সাতসকালে বীভৎস হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে, ২৫ বছর বয়সি এক তরুণ গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। ওই তরুণ হাঁসি এলাকার একটি জিম-এর মালিক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জিন্দ জেলার দালামওয়ালা গ্রামে। বর্তমানে তিনি হাঁসির শান্তিনগর এলাকায় থাকছিলেন।

পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, জিমের বাইরে শরীরচর্চা করতে আসা কয়েকজন যুবক ও তরুণীর সঙ্গে কথা বলছিলেন দীপক। সেই সময় তাঁর উপর হামলা হয়। সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য ধরা পড়েছে। পাঁচ সেকেন্ডের মধ্য়ে ১০ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। হামলায় এক তরুণীও জখম হয়েছেন। তিনি হামলার সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দীপক ও তরুণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা দীপককে মৃত ঘোষণা করেন। সিসিটিভি-র ফুটেজ দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানায়, সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে, জিমের বাইরে রাস্তায় স্টেপ-আপ এক্সারসাইজ করছিলেন জনা ছয়েক যুবক ও তরুণী। তাঁদের সঙ্গে কথা বলছিলেন জিমের মালিক দীপক। ওই সময় একটি মোটরবাইকে চেপে জিমের সামনে আসে অজ্ঞাতপরিচয় দুই যুবক। তাদের একজন সাদা রংয়ের টুপি পরেছিল। টুপি পরা যুবক মোটরবাইকের পিছনে বসেছিল। সে আচমকাই মোটরবাইক থেকে নেমে পিস্তল বের দীপককে লক্ষ্য করে পরের পর গুলি চালায়। রাস্তায় লুটিয়ে পড়েন দীপক।

পুলিশ জানিয়েছে, কী কারণে জিমের মালিককে খুন করা হলো, তা এখনও নিশ্চিত নয়। পুরোনো কোনও শত্রুতা বা ব্যবসায়িক কোনও কারণে খুন কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *