মোহাম্মদ জনি,শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি পাথারকান্দি সমজেলাও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় স্বাধীনতা দিবস। তবে গৌরবময় এই দিনেই পাথারকান্দি সমজেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় মাঝপথেই ছিঁড়ে নিচে পড়ে যায় পতাকা। সমজেলা কমিশনার সপ্ততী এন্দোয়ের হাতে পতাকা উত্তোলনের সময়ই এই ঘটনা ঘটে।

নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টায় পতাকা উত্তোলনের কথা থাকলেও প্রায় ১০ মিনিট দেরিতে, সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকাটি ধীরে ধীরে উপরে ওঠার সময় হঠাৎ মাঝপথেই সেটি ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার পর উপস্থিত আধিকারিক ও কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন। তড়িঘড়ি করে অন্য একটি জাতীয় পতাকা আনা হয় এবং সেটি উত্তোলনের মাধ্যমে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় এমন ঘটনা ঘটায় উপস্থিত মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে পতাকা ও উত্তোলন ব্যবস্থার যথাযথ পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জাতীয় পতাকা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতীক। ফলে এমন মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে পতাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও সুষ্ঠু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যদিও দ্রুত নতুন পতাকা এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়, তবুও ঘটনাটি পাথারকান্দি সমজেলায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।




