বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জুন : কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাবক চা-বাগানের ছালামতপুর এলাকায় চিতাবাঘের আতঙ্কে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরে বনাঞ্চল থেকে বেরিয়ে এসে চিতাবাঘটি গৃহপালিত পশুর ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিকটবর্তী একটি জঙ্গলে একটি গৃহপালিত গরুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত পশুটির শরীরে বন্যপ্রাণীর আক্রমণের স্পষ্ট চিহ্ন দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে লক্ষীপুর বন বিভাগের কর্মীদের পাশাপাশি শিলচরের বন্যপ্রাণী শাখার একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

তদন্তে জঙ্গলের ভেতরে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ এবং তার একটি শাবকের পায়ের ছাপ শনাক্ত করা হয়। এরপর সম্ভাব্য বিপদের আশঙ্কায় বন বিভাগ এলাকায় একটি খাঁচা স্থাপন করে চিতাবাঘটিকে আটক করার উদ্যোগ নেয়। তবে খাঁচা বসানোর ২৪ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত চিতাবাঘটি ধরা পড়েনি।
এদিকে, যেকোনো সময় বন্যপ্রাণীটি লোকালয়ে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ফলে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে সন্ধ্যার পর অনেকেই ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন বলে জানা গেছে।
লক্ষীপুর ফরেস্ট রেঞ্জ অফিসার রুমেল রংফা এলাকায় চিতাবাঘের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত চিতাবাঘটিকে আটক করে নিরাপদ গভীর অরণ্যে স্থানান্তর করা হোক, যাতে জনবসতিপূর্ণ এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বন বিভাগ পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে।



