শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : কাছাড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে কয়লার অবৈধ ব্যবসা। মেঘালয় থেকে চালান ও বৈধ নথিপত্র ছাড়াই কয়লা নিয়ে বরাক উপত্যকায় প্রবেশের সময় কালাইনছড়া টোলগেটে দু’টি কয়লা বোঝাই ট্রাক আটক করেছে গুমড়া পুলিশ। এই ঘটনায় দুই ট্রাকের চালক ও সহ-চালক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, আটক করা ট্রাক দু’টির নম্বর হল AS-27-C-7530 এবং NL-01-AE-0384। ট্রাক দু’টিতে বিপুল পরিমাণ কয়লা বোঝাই করা ছিল। মেঘালয় থেকে বরাকের দিকে আসার সময় কালাইনছড়া টোলগেটে কর্তব্যরত পুলিশের নজরে পড়ে ট্রাক দু’টি। সন্দেহ হওয়ায় তল্লাশি চালানোর পর সংশ্লিষ্ট ব্যক্তিরা কয়লার বৈধ চালান সহ প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হন। এরপরই পুলিশ ট্রাক দু’টি আটক করে।
এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল ধলাই জামালপুরের সাবির আহমদ, কালাইন সৈদপুর প্রথম খণ্ডের ইমরান হোসেন, সৈদপুর দ্বিতীয় খণ্ডের রেদওয়ান হোসেন, কাটিগড়া চণ্ডীনগর প্রথম খণ্ডের আলতাব হোসেন এবং গুমড়া খেলমার মুক্তি উদ্দিন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কালাইন এলাকার একটি অসাধু চক্রের মাধ্যমে কয়লা বোঝাই ট্রাক দু’টি বরাক উপত্যকায় প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তবে টোলগেটে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়।
উল্লেখ্য, কাছাড়ে কয়লার অবৈধ পরিবহণ ও কালোবাজারি নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ উঠে আসছে। ফের দু’টি কয়লা বোঝাই ট্রাক আটক এবং পাঁচজন গ্রেফতারের ঘটনায় জেলায় সক্রিয় এই অবৈধ ব্যবসার নেটওয়ার্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আটক করা ট্রাক ও কয়লার উৎস, গন্তব্যস্থল এবং এর সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।



