ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, আগামী বছর চালু হবে স্মার্ট ফেন্সিং প্রকল্প: অমিত শাহ

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন: ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ১১৯ কিলোমিটার এলাকায় নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে আগামী বছর থেকে স্মার্ট বর্ডার ফেন্সিংয়ের পাইলট প্রকল্প চালু করা হবে বলে ঘোষণা করেছেন অমিত শাহ।

শুক্রবার ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়া বিএসএফ সীমা চৌকিতে আয়োজিত প্রহরী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি বলেন, বর্তমানে দেশ কোনও বড় যুদ্ধ বা সামরিক সংঘাতের মুখোমুখি না হলেও মাদক পাচার, মানব পাচার, গবাদি পশু পাচার এবং জাল নোটের কারবার নির্মূল করা এখন সময়ের দাবি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং সীমান্তকে আরও সুরক্ষিত করে তুলতে কেন্দ্র সরকার স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট ফেন্সিংয়ের মাধ্যমে সীমান্তে সব ধরনের অবৈধ কার্যকলাপ রোধের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

বিএসএফ জওয়ানদের প্রশংসা করে অমিত শাহ বলেন, দেশের মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন কারণ সীমান্তরক্ষীরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সংবেদনশীল সীমান্ত এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে।

ত্রিপুরা সীমান্তের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে তিনি জানান, স্থানীয় প্রশাসন, আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সীমান্ত এলাকায় আরও শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। একই সঙ্গে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং বিহারের সীমান্তবর্তী অঞ্চলে জনসংখ্যাগত পরিবর্তনের কোনও সুযোগ দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় বার্তা দেন।

প্রহরী সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার, ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী, আইজি প্রিন্সি রানি সহ বিএসএফের শীর্ষ আধিকারিকরা। এদিন আগরতলার কুঞ্জবনস্থিত ঐতিহ্যবাহী পুরনো রাজভবন প্রাঙ্গণে প্রস্তাবিত ‘তাজ পুষ্পবন্ত প্যালেস’ হোটেলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের উপস্থিতিতে তিনি প্রকল্পের ফলক উন্মোচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *