বাহামাসে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ১০ জনের মৃত্যু; ফ্ল্যামিঙ্গো এয়ার ফ্লাইটসের উড়ান সাময়িক স্থগিত

Spread the news

১১ জুলাই : বাহামাসে আবারও মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা নাগাদ ফ্ল্যামিঙ্গো এয়ার ফ্লাইটসের একটি ছোট আকারের সেসনা ৪০২ বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৯ জন যাত্রী ও একজন পাইলট। দুর্ঘটনার পর বিমান সংস্থাটির সব ধরনের উড়ান সাময়িকভাবে স্থগিত করেছে বাহামাস সরকার। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, বিমানটি লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সান আন্দ্রোজ বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটি দুর্গম জঙ্গলে ভেঙে পড়ে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করে।

পুলিশ কমিশনার শান্তা নোলস জানান, দুর্ঘটনার পর প্রথমে একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, জঙ্গলের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। আগুনে অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ।

এই দুর্ঘটনা ঘটেছে বাহামাসের ৫৩তম স্বাধীনতা দিবসের দিন। প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস গভীর শোক প্রকাশ করে বলেন, স্বাধীনতার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাহামাসের পরিবহণমন্ত্রী জোবেথ কোলবি-ডেভিস জানান, একই দিনে ফ্ল্যামিঙ্গো এয়ার ফ্লাইটসের আরও একটি বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। মায়াগুয়ানার উদ্দেশে যাওয়া সেই বিমানটি অবতরণের পর আগুন ধরে যায়। ঘটনাটিরও তদন্ত চলছে। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্ল্যামিঙ্গো এয়ার ফ্লাইটসের এয়ার অপারেটর সার্টিফিকেট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংস্থাটির কোনও বিমান আকাশে উড়তে পারবে না। যদিও বিমান সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *