বরাক তরঙ্গ, ২০ মে : পেট্রোল-ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব এসইউসিআই (কমিউনিস্ট) হাইলাকান্দি জেলা কমিটি। বুধবার দলের উদ্যোগে হাইলাকান্দি শহরের মাটিজুরি পয়েন্টে এক প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি এসইউসিআই (কমিউনিস্ট) অসম রাজ্য কমিটির ডাকে সংগঠিত রাজ্যব্যাপী আন্দোলনের অংশ হিসেবে পালিত হয়।
প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক অংশ নেন। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে এদিন সরব হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় মূল্যবৃদ্ধির প্রভাব তুলে ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
সভায় উপস্থিত থেকে এসইউসিআই (কমিউনিস্ট) অসম রাজ্য কমিটির সদস্য ময়ূখ ভট্টাচার্য বলেন, পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। চাল, ডাল, তেল, সবজি-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অন্যদিকে, সভায় বক্তব্য রাখতে গিয়ে এসইউসিআই (কমিউনিস্ট) হাইলাকান্দি জেলা কমিটির প্রবীণ নেতা সুশীল পাল সরকারের অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রতিদিন জীবনযাত্রার ব্যয় যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের পক্ষে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা সম্পাদক প্রবাস চন্দ্র সরকার, আফজাল হোসেন মজুমদার, শংকর গোয়ালা-সহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা।
সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পেট্রোল, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস, কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের স্বার্থরক্ষায় কার্যকর নীতি গ্রহণের দাবি জানানো হয়।



