১১ সেপ্টেম্বর : গণপ্রজাতন্ত্রী কঙ্গো (ডিআর কঙ্গো)-র বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর বুকাবুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বড় একটি অংশই শিশু। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বৃহস্পতিবার দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাবুর শিমপুন্ডা জেলার উজামা ও ফুরাহা নামে দুটি প্রাথমিক বিদ্যালয় এবং সংলগ্ন এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতিতেও ছড়িয়ে পড়ে।
আগুন ছড়িয়ে পড়ার পর স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সরু পথ দিয়ে বের হওয়ার সময় হুড়োহুড়ির সৃষ্টি হয়। পাশাপাশি ঘন ধোঁয়ার কারণে অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং বেশ কয়েকজন আহত হন।
স্থানীয় নেতা প্যাট্রিস বুদুগে এএফপিকে জানান, অগ্নিকাণ্ডের পর এলাকায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করায় অনেকে পড়ে গিয়ে আহত হন।
স্থানীয় একটি ক্লিনিকের নার্স ক্রিস্তফ জিগাশানে জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া প্রায় ৫০ জন শিক্ষার্থী ও শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১০ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ঘটনাস্থলেও আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের প্রত্যেকের বয়স ১০ বছরের নিচে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আল জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজ অনুযায়ী, আগুন দ্রুত আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে দুটি স্কুল ভবনের পাশাপাশি প্রায় ৩০০ থেকে ৫০০টি ঘরবাড়ি এবং একটি চিকিৎসাকেন্দ্রও পুড়ে যায়।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



