সুরসম্রাট আরডি বর্মনের ৮৭তম জন্মবার্ষিকীতে শিলচরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ২৭শে

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জুন :
ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সঙ্গীতপ্রেমী সংগঠন ‘মেলোডি মেকার্স’। আগামী ২৭ জুন স্থানীয় গান্ধী ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই স্মরণীয় অনুষ্ঠান। সঙ্গীতপ্রেমীদের কাছে ‘আরডি বর্মন’ বা ‘পঞ্চম দা’ নামে সমধিক পরিচিত রাহুল দেব বর্মনের সুর আজও সমানভাবে জনপ্রিয়। তাঁর সৃষ্ট অসংখ্য কালজয়ী গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মুগ্ধ করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর গান নতুন শিল্পীদের কণ্ঠে নতুন রূপে পরিবেশিত হলেও সুরের আবেদন অটুট রয়েছে।

বুধবার ভাস্কর দাস, সুজিত রায়, রাজু সেনগুপ্তরা সাংবাদিক বৈঠক করে জানান, জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট ২১ জন শিল্পী অংশগ্রহণ করবেন। তাঁরা আরডি বর্মনের সুরারোপিত জনপ্রিয় ও শ্রুতিমধুর গান পরিবেশনের পাশাপাশি তাঁর অন্যান্য উল্লেখযোগ্য সৃষ্টিও তুলে ধরবেন। একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে দর্শকদের জন্য একটি স্মরণীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

তাঁদের মতে, রাহুল দেব বর্মনের সঙ্গীতচিন্তা ও সৃষ্টিশীলতা আজও শিল্পী ও শ্রোতাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর সুরের আবেদন কখনও ফুরিয়ে যাওয়ার নয়। সেই শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, বিপুল সংখ্যক দর্শক ও সঙ্গীতানুরাগীর উপস্থিতিতে অনুষ্ঠানটি রাহুল দেব বর্মনের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য মঞ্চে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *