বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে)-র বরাক উপত্যকার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন সৌরভ দেব। দলের জাতীয় সম্পাদক তথা উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত বিনোদ নিকালজের অনুমোদনক্রমে গুয়াহাটিতে দলীয় কার্যালয়ে অসম রাজ্য কমিটির কার্যনির্বাহী সভাপতি হীরকজ্যোতি বরা তাঁকে এই দায়িত্ব প্রদান করেন। সোমবার শিলচরে সৌরভ দেব জানান, গত ১০ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। বরাক উপত্যকার তিন জেলা—কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্য কমিটির পরামর্শ ও বিস্তারিত পর্যালোচনার পর পর্যায়ক্রমে বুথ, ব্লক ও জেলা কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
সৌরভ দেব বলেন, ড. বিআর অম্বেডকরের প্রতিষ্ঠিত এই দলের মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষের উন্নয়ন। দলের প্রধান রামদাস আঠাওয়ালের নেতৃত্বে সামাজিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার পাশাপাশি তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু এবং সমাজের দুর্বল অংশের মানুষের কল্যাণে দল কাজ করে যাবে।
ড. অম্বেডকর ও রামদাস আঠাওয়ালের আদর্শ ও নীতি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর দাবি, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার প্রক্রিয়া চলছে। নাগাল্যান্ডে দলের দুই বিধায়ক রয়েছেন। মণিপুরের আগামী বিধানসভা নির্বাচনেও প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি চলছে। পশ্চিমবঙ্গেও দলীয় কর্মকাণ্ডে গতি এসেছে।
বরাক উপত্যকাতেও দলকে আরও জনমুখী করে তুলতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সৌরভ দেব। সংগঠন বিস্তারের এই কাজে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।



