বরাক তরঙ্গ, ১৭ জুলাই : ছাত্রছাত্রীদের শিক্ষাগত ভবিষ্যতের স্বার্থে গত ২০ দিন ধরে নয়াদিল্লির যন্তর-মন্তরে বিজ্ঞানী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের আমরণ অনশন দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল ও সংগঠন তাঁর প্রতি সমর্থন জানিয়েছে। শুক্রবার গুয়াহাটির নেহরু পার্কের সামনে সোনম ওয়াংচুকের সমর্থনে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে “সোনম ওয়াংচুককে বাঁচাও”, “সোনম ওয়াংচুকের দাবি মানতে হবে”, “বিজেপি সরকার হায় হায়” এবং “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন” প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নিয়ে লেখিকা ও সাংবাদিক মাইনি মহন্ত বলেন, “এই আন্দোলনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সোনম ওয়াংচুকের প্রতি সংহতি প্রকাশ করা উচিত। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, উদ্ভাবক ও পরিবেশবিদ। গোটা বিশ্ব তাঁকে চেনে। অথচ তাঁকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
ডিওয়াইএফআই নেতা নিরঙ্কুশ নাথ বলেন, “সরকার জবাবদিহি করতে চায় না। তারা দেশের গণতন্ত্রকে অবমাননা করছে। ধর্মেন্দ্র প্রধান পরীক্ষার সুষ্ঠু পরিচালনায় ব্যর্থ হয়েছেন, তাই তাঁর পদত্যাগ করা উচিত। আমরা সোনম ওয়াংচুককে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। তাঁর মৃত্যু হলে ইতিহাসে বর্তমান বিজেপি সরকারকে দায়ী করা হবে।”
উল্লেখ্য, সমাজকর্মী, বিজ্ঞানী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের আমরণ অনশন শুক্রবার ২০ দিনে পড়ে। নয়াদিল্লির যন্তর-মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তিনি দেশের শিক্ষা ব্যবস্থার সর্বাঙ্গীন সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন।



