বরাক তরঙ্গ, ১৩ জুলাই : রাজ্যস্তরের বিভিন্ন বিউটি পেজেন্টে একাধিক খেতাব জিতে বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করলেন শিলচরের শাইন এজেন্সির প্রতিযোগীরা। কোরিওগ্রাফার ও মডেল প্রশিক্ষক অমররাজ আচার্যের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিযোগীদের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা বরাক।
প্রতিযোগিতায় এস. ওয়াংগাম্বা লুয়াং “মিস্টার অসম” খেতাব অর্জন করেন। পারওয়াজ লস্কর নির্বাচিত হন “মিস্টার অসম ব্র্যান্ড অ্যাম্বাসেডর” হিসেবে। কিশোর বিভাগে মেঘাদিত্তা দেবনাথ “মিস টিন অসম” এবং সঞ্জলী সিংহ “মিস টিন অসম ব্র্যান্ড অ্যাম্বাসেডর” নির্বাচিত হন। দিবুকান্ত রাজবংশী “মিস্টার টিন অসম” খেতাব জেতেন। একই বিভাগে রেহান বড়ভুঁইয়া প্রথম রানার-আপ হন। এছাড়া মুন্নি রানি সিংহা “মিসেস অসম” খেতাব অর্জন করেন। রোহিত মজুমদার “মিস্টার বরাক ভ্যালি” ও “ডেবিউ মডেল অব দ্য ইয়ার ২০২৬” সম্মান লাভ করেন।
শাইন এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, সকল বিজয়ীই এজেন্সির নিয়মিত শিক্ষার্থী। তাঁদের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর অনুশীলন, অধ্যবসায় এবং প্রশিক্ষক অমররাজ আচার্যের ধারাবাহিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা।
প্রতিযোগিতা শেষে রবিবার দুপুরে বিজয়ীরা শিলচর রেলস্টেশনে পৌঁছালে পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী ও অনুরাগীরা তাঁদের উষ্ণ সংবর্ধনা জানান। ফুল ও শুভেচ্ছার মাধ্যমে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়। উপস্থিতরা বরাকের প্রতিভাদের এই সাফল্যকে ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বলে উল্লেখ করেন।
শাইন এজেন্সির পক্ষ থেকে প্রতিযোগিতার আয়োজক স্পার্ক ইভেন্ট গ্রুপকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি এজেন্সির পরিচালক রিজু মিলার এবং প্রতিযোগীদের গ্রুমিং ও প্রস্তুতিতে সহযোগিতাকারী শিলচরের দেবদান অ্যাকাডেমিকের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
প্রশিক্ষক অমররাজ আচার্য বলেন, এই সাফল্য বরাক উপত্যকার তরুণ-তরুণীদের মডেলিং ও ফ্যাশন জগতে এগিয়ে আসতে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও বরাকের আরও অনেক প্রতিভা রাজ্য ও জাতীয় স্তরে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



