চোরাই বাইক উদ্ধার, তারিণীপুর থেকে আটক দুই

Spread the news

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৭ জুন : পাঁচগ্রাম থানার পুলিশের অভিযানে চোরাই বাইক চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই বাইক। ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার পাঁচগ্রাম থানার ওসি ইন্সপেক্টর রঞ্জিত শইকিয়া ও এএসআই আয়ুব বড়ভূইয়ার নেতৃত্বে একটি দল তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকায় অভিযান চালান। অভিযানে আটক করা হয় স্থানীয় বাসিন্দা ফয়জুর রহমানের পুত্র ইকবাল হোসেন (৩২) এবং রায়নুল হক মজুমদারের পুত্র রহিম উদ্দিন মজুমদারকে (৩১)। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যেগুলো চোরাই বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ বর্তমানে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাইয়ের কাজ শুরু করেছে। পাশাপাশি আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চক্রটির সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং বাইকগুলো কোথা থেকে আনা হয়েছে, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পাঁচগ্রাম পুলিশের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইক চুরি ও পাচার চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *