রাধামাধব কলেজে সুধাকণ্ঠ ভূপেন হাজরিকা স্মরণ

Spread the news

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আসাম সরকারের উচ্চ শিক্ষা বিভাগের নির্দ্দেশানুযায়ী রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপনের বছরব্যাপী অনুষ্ঠানের সমাপণী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সুধাকণ্ঠকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো শিলচর রাধামাধব কলেজ। মঙ্গলবার এ উপলক্ষ্যে কলেজের সাংস্কৃতিক সেলের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী সুধাকণ্ঠের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে একে একে কলেজের অধ্যাপক অধ্যাপিকা, প্রশাসনিক কর্মচারী ও ছাত্র ছাত্রীরা সুধাকণ্ঠ ড. ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে ভূপেন হাজরিকার জীবনী নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে ওপেন কুইজ প্রতিযোগিতা, ভূপেন হাজরিকার ছবির ওপর অংকন প্রতিযোগিতা, ভূপেনদার জীবন ও সৃষ্টির ওপর ছাত্র ছাত্রীদের দ্বারা বক্তব্য অনুষ্ঠিত হয়। অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে রুবিয়া বেগম, দেবস্রিতা দত্ত ও পুষ্পিতা চক্রবর্তী। অঙ্কন প্রতিযোগিতা সঞ্চলনা করেন চারুকলা বিভাগের অধ্যাপিকা সহেলি ভট্টাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপিকা অন্বেষা চক্রবর্তী। আলোচনা সভায় পড়ুয়াদের মধ্য থেকে বক্তব্য রাখেন সৃষ্টি ভট্টাচার্য, সলমান উদ্দিন ও আফরুজা মজুমদার। ওপেন কুইজ প্রতিযোগিতা সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা অর্চ্চিস্মিতা রায় ও ইংরেজি বিভাগের অধ্যাপিকা বৈশালী চক্রবর্তী।

এদিন সমবেতা কণ্ঠে ভূপেনদার কালজয়ী গান ‘বিস্তীর্ণ ‘দুপারের—‘ গানটি পরিবেশন করেন অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সেলের আহ্বায়ক অধ্যাপিকা সুরভি ঘোষ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অধ্যাপিকা নম্রতা নাথ। 

অনুষ্ঠান সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের নির্দ্দেশনায় ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপনের সমাপণী অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ভাবে আমরা পালন করলাম। ড. ভূপেন হাজারিকা শুধু বরাক- ব্রহ্মপুত্র, সমগ্র আসাম তথা ভারতবর্ষ নয়, তিনি ছিলেন সমগ্র পৃথিবীর একটি স্বত্ত্বা বলে আমি অনুভব করি। মহান শিল্পীর স্মরণে এই অনুষ্ঠান করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলেও মন্তব্য করেন কলেজ অধ্যক্ষ। 

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আই.কিউ.এ.সি কো-অর্ডিনেটর ড. রাহুল সরনিয়া, অধ্যাপক ড. জীবন দাস, ড. কালীপদ দাস, ড. সন্তোষ বরা, ড. রুমা নাথ চৌধুরী, ড. নবনিতা দেবনাথ, ড. সূর্যসেন দেব, ড. রূপম রায়, ড. আশীষতরু রায়, কলেজ লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, প্রশাসনিক ও লাইব্রেরি কর্মী, ছাত্র সংসদের সকল কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য অনুষ্ঠানকে সফল রূপ দিতে ছাত্র সংসদের সভাপতি রুহিনী গোস্বামী, সাধারণ সম্পাদক দীপাঞ্জয় সরকার সহ অন্যান্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *