লক্ষীপুরে এমএলএ কাপ নকআউট ফুটবল শুরু, অংশ নিচ্ছে ৩৫৫টি দল

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : লক্ষীপুরে উৎসবমুখর পরিবেশে রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো পঞ্চম এমএলএ কাপ জিপি-স্তরের নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ২০২২ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা এবার পঞ্চম বছরে পদার্পণ করেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ফুটবল দল ও খেলোয়াড়ের অংশগ্রহণে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

এবারের টুর্নামেন্টে জেলার মোট ৩৫৫টি দল অংশগ্রহণ করছে। প্রায় ৫,৩২৫ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। গ্রামীণ স্তরে ফুটবলের প্রসার, নতুন প্রতিভা তুলে আনা এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৌশিক রায়, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, লক্ষীপুর সমজেলার এডিসি ধ্রুবজ্যোতি পাঠক, সমাজসেবী বিবেক পদ্দার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অতিথিরা খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফুলেরতল মারকোলি জিপি ফুটবল দল এবং পালার বন্ধ ফুটবল দল। শুরু থেকেই দুই দলের মধ্যে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ের শেষে ফুলেরতল মারকোলি জিপি দল ৪-৩ গোলে পালার বন্ধ দলকে পরাজিত করে সূচনা করে। ম্যাচটি দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

এদিন গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকেও বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। আয়োজকদের আশা, আগামী কয়েক সপ্তাহ ধরে চলা এই টুর্নামেন্টে জেলার ফুটবলপ্রেমীরা একাধিক আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করবেন এবং এই প্রতিযোগিতা থেকে উঠে আসবে ভবিষ্যতের বহু প্রতিভাবান ফুটবলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *