বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : উধারবন্দ রেঞ্জের অন্তর্গত থালিগ্রাম ফাঁসিবস্তি এলাকায় নদী থেকে এস্কেভেটর দিয়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জেসিবি ব্যবহার করে নদীর বুক থেকে পাথর খনন ও উত্তোলন করা হচ্ছে। এর ফলে এলাকায় নদীভাঙনের সমস্যা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। এ নিয়ে স্থানীয় জনগণ পুরো ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করেন।
বস্তিবাসীদের দাবি, নদীভাঙনের কারণে ইতিমধ্যেই এলাকার বহু বিঘা পাট্টা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে নদী থেকে পাথর উত্তোলন অব্যাহত থাকলে আগামী দিনে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
এদিকে, এস্কেভেটর দিয়ে নদী থেকে পাথর উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ করতে গিয়ে নিরঞ্জন দাস ও রাজু দাস নামে দুই ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অজয় চক্রবর্তী, সঞ্জু চক্রবর্তী ও রাজীব দাসের নেতৃত্বে একদল লোক তাঁদের উপর হামলা চালায়। দুপুর সাড়ে ১২টা নাগাদ বকুল নন্দীর বাড়িতে ঘটনাটি ঘটে বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নদী থেকে জেসিবি দিয়ে পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন থালিগ্রাম ফাঁসি বস্তির বাসিন্দারা। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।



