বিভিন্ন দাবিতে অসমে আইটিআই প্রশিক্ষকদের প্রতিবাদী কর্মসূচি, শ্রীকোণাতেও ধরনা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে ‘সারা অসম ঔদ্যোগিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রশিক্ষক সংস্থা’র আহ্বানে রাজ্যজুড়ে ধারাবাহিক প্রতিবাদী কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার শিলচরের শ্রীকোণা আইটিআইতেও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংস্থার সদস্যরা। এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীকোণা আইটিআই-এর ডিডিএম কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ করে ধরনায় বসেন সংস্থার প্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন দাবিসংবলিত প্রেস রিলিজও তুলে ধরা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার কর্মরত অবস্থায় কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানানো হয়েছিল। পরবর্তী পর্যায়ে আগামী ১৪ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর রাজ্যব্যাপী আরও প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। আইটিআই সাব-কমিটির সভাপতি নুরুল ইসলাম লস্কর, সম্পাদক সঞ্জীব কুর্মী এবং কোষাধ্যক্ষ সুবীর ভাওয়ালসহ অন্যান্য কর্মকর্তারা সাংবাদিকদের জানান, তাঁদের দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন ও প্রতিবাদী কর্মসূচি অব্যাহত থাকবে। দাবিগুলি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *