বরাক তরঙ্গ, ১৯ জুলাই : কনকলস আইটিআই ক্লাবের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী গ্রামীণ নকআউট ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে মহাকল এফসি। রবিবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মহাকল এফসি ১-০ গোলে এমবিএফসি মকইভাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পাল্টাপাল্টি আক্রমণে মাঠে তৈরি হয় চরম উত্তেজনা। একই সঙ্গে উভয় দলের রক্ষণভাগও ছিল সমান দৃঢ়। নির্ধারিত সময়ে ম্যাচের একমাত্র গোলটিই শেষ পর্যন্ত শিরোপার ভাগ্য নির্ধারণ করে। সেই গোলে ভর করেই ট্রফি নিজেদের দখলে তোলে মহাকল এফসি। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন মহাকল এফসির হাতে ট্রফির পাশাপাশি ২০ হাজার টাকার নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। রানার্স-আপ এমবিএফসি মকইভাঙ্গা ট্রফির সঙ্গে পায় ১২ হাজার টাকার নগদ অর্থ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জিল্লুর নুর চৌধুরী, বরাককণ্ঠ নাট্য গোষ্ঠীর প্রতিনিধিরা, উত্তর করিমগঞ্জ যুব কংগ্রেসের সভাপতি হোসেন আহমদ, রাজ আহমেদ, আনসার আহমেদসহ এলাকার বিশিষ্ট সমাজসেবী, ক্রীড়ানুরাগী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটি অংশগ্রহণকারী দল, অতিথি, রেফারি, স্বেচ্ছাসেবক ও দর্শকদের ধন্যবাদ জানায়। পাশাপাশি আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এই ঐতিহ্যবাহী গ্রামীণ ফুটবল প্রতিযোগিতার আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।



