বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে ৭ নভেম্বর সমাবেশ

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : বরাক উপত্যকার যে কোনও উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের দাবিকে আরও জোরদার করার লক্ষ্যে আগামী ৭ নভেম্বর, শনিবার, সকাল ১১টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হবে। সমাবেশ শেষে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রবিবার শিলচরের রূপম ক্লাব হাউসে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির শিলচর শাখার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন কমিটির সভাপতি তথা আইনজীবী ধ্রুবকুমার সাহা। সভায় বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবির বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি, এই দাবিকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যৎ কর্মপন্থা এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে জনমত গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ভৌগোলিক দূরত্ব, যাতায়াতের অসুবিধা এবং বিচারপ্রার্থীদের সময় ও অর্থের ব্যয়ের বিষয়টি বিবেচনায় রেখে এই অঞ্চলে উচ্চ আদালতের বিচারিক পরিষেবা আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা আলোচনায় উঠে আসে। বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের এই দাবিকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং বৃহত্তর জনসমর্থন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৭ নভেম্বর সকাল ১১টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এই দাবির প্রতি জনসমর্থন প্রকাশ করা হবে।  সমাবেশ শেষে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হবে। স্মারকপত্রের মাধ্যমে বরাক উপত্যকার যে কোনও উপযুক্ত স্থানে হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিটি পুনরায় তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

কমিটির পক্ষ থেকে এই কর্মসূচিকে সফল করে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘদিনের এই দাবিকে সামনে রেখে ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক উদ্যোগের মাধ্যমে দাবি বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপরও জোর দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক নিখিল পাল, উপদেষ্টা উদয় শঙ্কর গোস্বামী, দিলীপ কুমার দে, আইনজীবী প্রসেনজিৎ দেব, বিভাসরঞ্জন দে, রুদ্রনারায়ন গুপ্ত, যুগ্ম সম্পাদক অনির্বাণ ভৌমিক ও  আইনজীবী দেবোমিতা চক্রবর্তী, জেলা বার সংস্থার সহ সভাপতি পঙ্কজকান্তি দেব,  আইনজীবী আবুল কালাম আজাদ লস্কর, শান্তুনু সূত্রধর, সাধন পুরকায়স্থ, সিহাব উদ্দিন আহমেদ এবং আইনজীবী ধর্মানন্দ দেব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *